কাউখালীতে ২ জেলেকে কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাত ১১টায় উপজেলার রঘুনাথপুর কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- উপজেলার সুবিদপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে ফয়সাল (১৯) এবং একই গ্রামের মাহাবুবুব সরদারের ছেলে কাওসার সরদার (২২)। মঙ্গলবার রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক তাদের কারাদন্ড দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সস্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত ইসলাম ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল ।
