এ কেমন নৃশংসতা ?
বাগেরহাটের শরণখোলায় এক কৃষকের একটি গর্ভবতী গাভী জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষকের পরিবার সুত্রে জানা গেছে, দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত মহব্বত আলী মুন্সীর ছেলে কৃষক আইউব আলী মুন্সীর তিনটি গরু তার গোয়ালে প্রতিদিনের মত বাধা ছিল। কিন্তু রবিবার গভীর রাতে কে বা কাহারা তার একটি গর্ভবতী গাভী পার্শ্ববর্তী ৭৪নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নিয়ে জবাই করে ভুড়ি ও চামড়া ফেলে মাংস নিয়ে যায়। পরের দিন সকালে আইউব আলী মুন্সীর স্ত্রী শেফালী বেগম গোয়ালে গাভীটি দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই স্কুলের পিছনে গাভীটির চামড়া ও ভুড়ি দেখেতে পেয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা জড়ো হয়ে বিষয়টি দেখে হতবাক হয়ে পড়েন।
কৃষক আইয়ুব আলীর ধারনা, রাজনৈতিক কোন্দলের জের ধরে স্থানীয় একটি চক্র তার গাভীটি লুট করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। তিনি জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী করেন প্রশাসনের কাছে।
এ বিষয়ে শরনখোলা থানার ওসি (তদন্ত) শেখ মো. মোফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
