ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে স্বরূপকাঠিতে চল্লিশ হাজার টাকা জরিমানা
স্বরূপকাঠিতে ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে ৮ ব্যক্তিকে পাচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই দন্ড প্রদান করেন।
মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, উপজেলার মিয়ারহাট বাজারে ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। খবর পেয়ে তিনি নেছারাবাদ থানার পুলিশ নিয়ে গভীর রাতে বাজারে অভিযানে নামেন। এসময় কয়েকটি ইলিশ ও বেশ কিছু সামুদ্রিক মাছ সহ মাছ বিক্রেতা ও মাছ পরিবহনকারি মোট আট ব্যক্তিকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের চার ধারায় অপরাধ করায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
