মাদক সেবীদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে … পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান
মাদকের পথ থেকে যারা ফিরে আসবে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। মাদক শুধুমাত্র ব্যক্তিকেই ধ্বংস করে না, সমাজে ভয়ানক বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন।
রবিবার দুপুরে পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পথে, পিরোজপুর” এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এসব কথা বলেন।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা গোয়েন্দা উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে আখতারুজ্জামান তালুকদার, এ. এসপি সদর দপ্তর কাজী শাহ্নেওয়াজ, এ.এসপি মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা স্বপন, জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইখতিয়া হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সংগঠনের সভাপতি ও জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, সাধারন সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।
এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হলরুমে হিন্দুধর্মাবলম্বীদেও দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি মন্দিরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব পালনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
