গোপনে স্কুল ম্যানেজিং কমিটি গঠন ॥ বাতিলের দাবীতে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ
জেলার ভান্ডারিয়া উপজেলার ২নং নদমুলা ইইনয়নের চিংগুরিয়া এন.আই.এইচ. মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বর্তমান সভাপতি তাদের আত্মীয় অভিভাবকদের মধ্যে থেকে ৪জন পুরুষ ও ১জন মহিলা অভিভাবক এর সদস্য পদে মনোনয়ন ফরম পূরণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। প্রিজাইডিং অফিসার অন্য কোন প্রার্থী না থাকায় ফরম পূরণকারীদের নির্বাচিত ঘোষণা করেন। পরে সভাপতি ঐ ৫জন সদস্য ও তার মনোনীত ৩জন শিক্ষক প্রতিনিধি এবং প্রধান শিক্ষকসহ মোট ৯জনকে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে, এ কমিটিকে অবৈধ দাবী করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবরে উক্ত অবৈধ কমিটি বাতিল ঘোষণা এবং জড়িতদের সুষ্ঠ বিচারের দাবী করেছেন।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে দীর্ঘ সময়ের সাবেক সভাপতি, বর্তমান অর্থ ও জমিদাতা সদস্য এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী সমবায় লীগের সভাপতি সৈয়দ খলিলুর রহমান মীর, অভিভাবক মো. খলিল খান বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য অভিভাবকদের সাথে সংহতি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন করেছি। কে বা কারা এটি অবৈধ বলে দাবী করছেন সে বিষয়ে আমার জানা নেই।
