প্রধান সূচি

ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

জেলার ভান্ডারিয়ায় শহিদুল ইসলাম কবিরাজ নামে (৪০) এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। রবিবার সন্ধ্যার দিকে পৌর শহরের টিএন্ডটি সড়কের কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যবসায়ী গত দুইদিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
আহত ব্যবসায়ী শহিদুল ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার কাদের কবিরাজের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসিন্দা নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং ব্যবসায়ী শহিদুল ইসলাম কবিরাজের সাথে একই বাড়ির মিঠু কবিরাজের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যার দিকে প্রতিপক্ষ মিঠু কবিরাজ ও তার কয়েকজন সঙ্গী মিলে ধারালো অস্ত্র নিয়ে শহিদুল কবিরাজের বসতঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় আহত শহিদুলকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধরালো অস্ত্রের আঘাত রয়েছে। ডান হাত এবং ডান পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন।
আহত শহিদুলের বড় ভাই মো. ওবায়দুল কবিরাজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান কবিরাজে ছেলে মিঠু কবিরাজ শহিদুলকে হত্যার চেষ্টা চালায়। ভাইয়ের অবস্থা এখন আশংকাজনক। সে মুত্যুর সাথে লড়ছে।
ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial