ভান্ডারিয়ায় কোরবানির পশুর হাট জমে উঠেছে
পিরোজপুরের ঐতিহ্যবাহী ভান্ডারিয়া পশুর হাট জমতে শুরু করেছে। মঙ্গলবার হাটের দিন থাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে হাটে এ বছর দেশি খামারিদের গরুই হাটে বেশি দেখা গেছে। তবে অনেক বলছে আগামী হাটে বিদেশি গরু আসতে পারে।
এদিকে, গতকাল হাট ঘুরে উপজেলার শিলায়কাঠী এলাকার আনোয়ারা ডেইরি ফার্মের আনা হাটের সব চেয়ে বড় গরুটির দাম হাকা হয়েছে ১০ লাখ টাকা। ক্রেতারা ৪ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত দাম বললেও বিক্রেতা তাতে দেয়নি। এসময় ফার্মের মালিক মো. রিপন খানের সাথে আলাপককালে তিনি জানান, তার ফার্মে মোট ৩শ’টি গরু আছে। আর এ গরুটি ১১ মাস ধরে লালন পালন করে বড় করতে প্রতিদিন খরচ পড়েছে দুই হাজার টাকা। এখন তিনি যদি ৮/৯ লাখ টাকা পায় তাহলে বিক্রি করবেন অন্যথায় ফেরৎ নিয়ে যাবেন। অন্যান্য বিক্রেতারা জানান, কোরবানির আগের দিন রাত পর্যন্ত কোরবানির পশু বিক্রয় হবে। তবে এ বছর দেশি গরুই বেশি এবং দামও গত বছরের চেয়ে কম।
হাট ঘুরে দেখা গেছে, জাল টাকা, পকেটমার রোধে পুলিশ ছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মেডিকেল টিম তৎপর রয়েছে। হাট পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, উপকূলীয় জেলা পিরোজপুরসহ পাশ্ববর্তী জেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় গরুর বাজার ভান্ডারিয়া। গরু কেনা বেচায় কোন প্রকার হাসিল বা খাঁজনা নেয়া হয় না। স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি তাঁর নির্বাচনী এলাকার ভান্ডারিয়া ও ইন্দুরকানী হাট বাজারের সরকারি রাজস্বের টাকা ব্যক্তিগতভাবে পরিশোধ করায় অন্যান্য হাটের চেয়ে এ হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি ঘটে।
