স্বরূপকাঠিতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামে পানিতে পড়ে শিপা নামে চার বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশুটি তার বাবা মায়ের একমাত্র সন্তান।
জানাযায়, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশির বাড়িতে গেলে শিপা তার মায়ের অগোচরে পিছন পিছন বের হয়। সামন্য সময়ের ব্যবধানে শিপার মা ঘরে ফিরে মেয়েকে খোঁজ করেন। মেয়েকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিয়ে আশে পাশে খোঁজ শুরু করলে ঘরের পাশে খালের পাড়ে জুতা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডবুরিসহ স্থানীয় ডুবুরিরা প্রায় ঘন্টা খানেকের মত খালের মধ্য খোঁজাখুজি করে না পেয়ে চলে যান।
প্রতিবেশিরা জানায়, পরে স্থানীয়রা খালের মোহনায় ও মাঝে জাল পেতে রাখলে প্রায় ১২ ঘন্টার ব্যবধানে অর্থ্যাৎ ওইদিন রাত আটটার দিকে শিশুটির লাশ জালে আটকা পড়ে।
ওই শিশুটির পিতা শিপন মোল্লা পেশায় একজন দিনমজুর। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা প্রায় বাকরুদ্ধ অবস্থা। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম বইছে।
