ইন্দুরকানীতে ছেলের আঘাতে মা রক্তাক্ত ॥ ছেলে আটক
মাত্র দশ টাকার গুলের দাম না দেয়ায় গর্ভধারীনী মাকে কুপিয়ে রক্তাক্ত করেছে এক পাষন্ড ছেলে । ঘটনার পরে পাষন্ড ছেলেকে শনিবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের চরবলেশ^র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার উত্তর কলারণ গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মাহবুব (৩০) তার মায়ের কাছে গুল কেনার টাকা চায়। এ সময় টাকা না দিলে মাহবুব ক্ষুব্দ হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে তার মা পিয়ারা বেগমের চিৎকারে পাশ^বর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছেলে মাহবুব মাকে কুপিয়ে আত্মগোপন করে।
খবর পেয়ে ইন্দুকানী থানার ওসি হাবীবুর রহমানের নেতৃত্বে পুলিশ শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ছেলে মাহবুবকে গ্রেফতার করেছে।
উপজেলার উত্তর কলারণ ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, গুলের টাকা না দেয়ায় মাকে ধারালো দা দিয়ে ছেলে কুপিয়ে গুরুতর জখম করেছে। তার পেটে কোপের স্থানে ১৫টি সেলাই দেয়া হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, গুলের টাকার জন্য মাকে কুপিয়ে আহত করার ঘটনায় ছেলে মাহবুবকে আটক করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।
