ইউপি চেয়ারম্যানের জমি দখলের সংবাদ প্রকাশ করায়
মঠবাড়িয়ায় সাংবাদিকের নামে চাঁদাবাজীর মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক এক মুক্তিযোদ্ধার জমি দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবীর মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৪নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি মঠবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, উপজেলার দধিভাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লার জমি দখলের সংবাদ করার ভয় দেখিয়ে সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। উক্ত চাঁদার টাকা না দেয়ার সাংবাদিক তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। যাতে উক্ত চেয়ারম্যানের ১০ লাখ টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার বলেন, উপজেলার দধিভাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লার ডিসিআরকৃত জমি গত ২২ মে রাতে ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান তার দলবল দিয়ে দখল করে নেয়। এই মর্মে ওই মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করেঠেন। ওই অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে জমি দখলের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের বক্তব্য নিতে গেলে তিনি জমি দখলের কথা স্বীকার করে বলেন, ‘আমি ওই জমি দখল করেছি, সংবাদ প্রকাশ করে দেও। জেল ফাঁস যা হবার আমার হবে।’ উক্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মামলাটি করেছেন। তার কাছে চাঁদা দাবীর অভিযোগ ভিত্তিহীন।
মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ওই জমি প্রায় ৬ মাস পূর্বে সরকারী বিধি মোতাবেক মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লাকে ডিসিআর দেয়া হয়।
