মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান দখল করলেন মুক্তিযোদ্ধার জমি
পিরোজপুরের মঠবাড়িয়ার ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার ডিসিআরকৃত জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অবশ্য জোরপূর্বক ঘর উত্তোলনের কথা ইউপি চেয়ারম্যান স্বীকারও করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দধিভাঙ্গা বাজারে ডিসিআরকৃত জমিতে দোকান ও বাসাবাড়ি করে মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গত বুধবার রাতে ৪নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ডিসিআরকৃত ওই জমিতে থাকা একটি ছাপড়া ঘর ভেঙে নতুন করে একটি ঘর উত্তোলন করেন। এসময় মুক্তিযোদ্ধা ও তার পরিবার বাঁধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এঘটনায় ওই মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি সহকারী কমিশনার (ভূমি)কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান দম্ভোক্তি করে বলেন, ‘ওই জমি আমি দখল করেছি। এতে আমার জেল ফাঁস যা হবার হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, ‘আমি একটি ট্রেনিংয়ে ঢাকায় আছি। এসে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
