শরণখোলায় স্ত্রী হত্যায় ঘাতক স্বামী নূরুল আমিন গ্রেপ্তার
শরণখোলায় স্ত্রী লাকি বেগম হত্যাকারী স্বামী নূরুল আমিন হাওলাদার (৩৫)কে খুলনা থেকে শরণখোলা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার এসআই সুদেব পাল জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে নূরুল আমিনের অবস্থান সনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা থানার পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে শরণখোলায় নিয়ে আসা হয়। হত্যার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরো কয়েকজন আসামী রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাতে শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া সাতঘর এলাকার নিজ বসত ঘরে নূরুল আমিন তার স্ত্রী লাকি বেগমকে (২৮) সিলিং ফ্যানের বাট দিয়ে পিটিয়ে ও জবাই করে হত্যা করে। পরে ঘাতক তার দুই সন্তান আট বছরের ছেলে জিহাদ ও দুই বছরের মেয়ে জেরিনকে নিয়ে তার এক বোনের বাসায় রেখে পালিয়ে যায়। নূরুল আমিন ভারতের কেরালায় তার শ্বশুরের ভাঙ্গারীর ব্যবসা দেখাশুনা করতো। ঘটনার আগেরদিন ৮ মে সে ভারত থেকে দেশে আসে।
লাকি হত্যার ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম হাওলাদার বাদি হয়ে তার ভগ্নিপতি নুরুল আমিনসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আট বছর আগে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আ. হক হাওলাদারের ছেলে নূরুল আমিনের সাথে উপজেলার আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের খলিল হাওলাদারের মেয়ে লাকির বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই বিভিন্ন কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এই কলহের জের ধরেই হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা পুলিশের।
