ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায়
শরণখোলায় ৮৫ সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তুত
ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেত জারী করায় সিডর বির্ধ্বস্ত শরণখোলার মানুষের মাঝে ব্যাপক আতংক দেখা দিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপজেলার ৮৫ সাইক্লোন শেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন সমূহ।
উপজেলা প্রশাসন ও সিসিপি’র পক্ষ থেকে খোলা হয়েছে পৃথক দু’টি কন্ট্রোল রুম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পুলিশ, সিপিপি’র পক্ষ থেকে মাইকিং করে দূরবর্তী মানুষ ও প্রতিবন্দী, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সকল এনজিও, ইউনিয়ন পরিষদ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে ফণি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আপদকালীন খাবারে জন্য শুকনো খাবার (চিড়া, গুড়, মোমবাতি ও দিয়াশলাই) মজুদ রাখা হয়েছে।
