মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ আহত ৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৩), ছোট ভাই জুয়েল (২৫) ও মা রানী বেগম (৬০) গুরুতর জখম হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার উত্তর কুমিরমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আহত রুবেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত জুয়েল ও তার মা রানী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত আমেনা বেগম জানান, শনিবার সকালে আমার স্বামী রুবেল ও দেবর জুয়েল বাড়ির সামনে জমিতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ প্রতিবেশী পনু খাঁর ছেলে জসিম, জলিল ও লিটনসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে রুবেল ও জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাকে ও শ্বাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ্ জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
