কাউখালীতে দু-গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে স্থানীয় শুভস্কর মজুমদারের সাথে পাশ^বর্তী ঘরের পরিমল মাঝির সাথে বাগেরহাট থেকে মন্দিরের কালেকশনে আসা এক আত্মীয়ের কথা নিয়ে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
খবর পেয়ে কাউখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে পরিমল মাঝি (৮০)কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং লক্ষী রানী (৫৫), বিজলী মজুমদার (৪৫), নিশা রানী মজুমদার (৪০), শুভাঙ্কর মজুমদার (৪২), সন্তোষ মাঝী (৪৫)কে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
