কাউখালীতে শ্রমিকের মৃত্যু
কাউখালী উপজেলায় গাছের ডাল পড়ে মো. মোস্তফা (৩৮) নামের গাছ কাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পূর্ব জোলাগাতী গ্রামে এ ঘটনা ঘটে এবং এদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মোস্তফা উপজেলার একই ইউনিয়নের জোলাগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, পূর্ব জোলাগাতী গ্রামে সোবাহান জমাদ্দারের বাড়ির বাগানের বিক্রয়কৃত গাছ শ্রমিকরা কাটতে গেলে শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে শ্রমিক মোস্তফা গাছের নিচ থেকে কাটা ডালপালা সরিয়ে নেওয়ার কাজ করছিলেন। তখন ওপরে আরেক শ্রমিকের কাটা গাছের একটি ডাল তার ওপর পড়ে। স্থানীয় লোকজন আহত মোস্তফাকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল পড়ে গাছ কাটার শ্রমিক মোস্তফা মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
