ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে থেকে ৭ শিক্ষককে অব্যাহতি
পিরোজপুরের ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৭ শিক্ষককে আগামী এক বছরের জন্য সকল প্রকার পাবলিক পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলার ৭ শিক্ষককের মধ্যে ৪ জনকে সাথে মোবাইল রাখা এবং ৩ জনকে কেন্দ্রে নিয়ম শৃংখলা ভংঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব আহম্মেদ ৭ শিক্ষককে অব্যাহতি দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া টগড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় সাথে মোবাইল রাখা এবং কেন্দ্রে নিয়ম শৃংক্ষলা ভংঙ্গের অভিযোগে আগামী ১ বছরের জন্য ৭ শিক্ষককে সকল পরীক্ষায় দায়িত্ব পালন থেকে অব্যহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব আহম্মেদ।
বহিস্কার হওয়া ৭ শিক্ষক হলেন, উপজেলার উত্তর কলারন দাখিল মাদ্রাসার মো. আ. হাফিজ খান, মো. শহিদুল ইসলাম, পত্তাশী এস দাখিল মাদ্রাসার ইলিযাছ হোসেন, বিজিএস দাখিল মাদ্রাসার আনজুমানারা, পত্তাশী হাসানিয়া দাখিল মাদ্রাসার মাশুরা বেগম, বাটাজোড় আলীম মাদ্রাসার রোজীনা খানম ও নারগিস আক্তার।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. সরোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, এধরনের কোন ঘটনা তার কেন্দ্রে ঘটে নি বলে বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য, এই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
