উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় আ’লীগ প্রার্থীকে জেপির সমর্থন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজকে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে তাকে ১৪ দলীয় জোটের শরিক জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকেও সমর্থন দেয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুল মিলনায়তনে জাতীয় পার্টি (জেপি)’র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. আব্দুল হালিম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আ. হাই হাওলাদার, যুগ্ন আহবায়ক ও ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মো. মোস্তফা সিকদার, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি বুলবুল হাওলাদার, ইউপি সদস্য মো ফারুক জোমাদ্দার, শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, সাবেক ইউপি সদস্য মো. বাদল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভান্ডারিয়া উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মিরাজুল ইসলামকে জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে। তাই আসন্ন নির্বাচনে জেপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীকে মিরাজুলের পক্ষে কাজ করার আহবান জানানো হচ্ছে।
