আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আপেল প্রতীক নিয়ে মহাজোটের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান। তিনি পিরোজপুর-৩ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত সোমবার আশরাফুর রহমানের পক্ষে জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক গ্রহন করেন আশরাফুর রহমানের প্রস্তাবক আব্দুস ছোবাহান শরীফ। ছোবাহান শরীফ মঠবাড়িয়া উপজেলার ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ অভিযোগ করে বলেন, মহাজোটের প্রার্থী ডা. রস্তুম আলী ফরাজীর লাঙ্গলে মঠবাড়িয়ার আওয়ামী লীগের নেতা কর্মীদের কোন মঙ্গল হবে না। এ কারনে তিনি ও তার অনুসারীরা আশরাফুর রহমানের পক্ষে নেমেছেন। সাধারণ মানুষ আশরাফুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করবেন এ আশা তার। ডা. রস্তুম আলী ফরাজী সর্ম্পকে পলাশ বলেন, তিনি ডিগবাজী খাওয়া নেতা। বিভিন্ন সময় দল বদল করেছেন।
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে মঠবাড়িয়ার বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় নেতা ডা. রস্তুম আলী ফরাজীকে।
