মঠবাড়িয়ায় বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বানচাল করার জন্য সড়ক কেটে ও গাছের গুড়ি ফেলে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেন বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। এঘটনায় পুলিশের অভিযানে আটককৃতরা উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম (৩২), মঠবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আউয়াল হাওলাদার (৪০), ছাত্রদল কর্মী অলিউল্লাহ (২৪) ও রুবেল (২৩)কে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।
এজাহারে বলা হয়েছে, কারাগারে বন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বানচালের জন্য আসামিরা গত বুধবার রাতে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পূর্ব কবুতরখালী এলাকায় সড়ক কেটে ও সড়কের ওপর গাছের গুড়ি ফেলে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করলেও জড়িত বাকি আসামিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সড়ক কাটার খোন্তা, শাবল, দা উদ্ধার করে। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল ঘরামীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপির কোন নেতা-কর্মী নাশকতার সাথে জড়িত নয়। আমরা যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি তখন নেতা-কর্মীদের নামে গায়েরি মামলা দেয়া হচ্ছে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম (বিপিএম) বলেন, সড়ক কেটে গাছ ফেলে নাশকতার করার চেষ্টার সময় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এটা গায়েবি কোন ঘটনা না।
