ইন্দুরকানী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পিরেজপুরের ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগে উৎকোচ গ্রহণসহ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্যরা।
শনিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইন্দুরকানী কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আ. লতিফ হাওলাদার।
এসময় কলেজ ম্যানেজিং কমিটির কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবীর মজনু উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য আ. লতিফ হাওলাদার জানান, কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার গত ২০০৬ সালে সাবেক জিয়ানগর বর্তমান ইন্দুরকানী করেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। সে সময়ে তিনি জেলার ভান্ডারিয়া উপজেলার মজিদা বেগম মজিদা বেগম মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পূর্বের কর্মস্থল থেকে ছাড়পত্র না নিয়েই তিনি ইন্দরকানী কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ নেন।
পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে যুদ্ধাপরাধী মামলায় দন্ডিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিকট আত্মীয় হিসেবে পরিচিত মনিরুজ্জামান সিকদার প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের আর্শিবাদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হন এবং উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ নেন। অধ্যক্ষ পদে যোগদান করে তিনি বিভিন্ন সময়ে কলেজে উৎকোচ গ্রহণ করে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া কলেজের আয়ের টাকাও আত্মসাৎ করেছেন। তার এ অনিয়ম দুর্নীতির বিষয়ে দুদকসহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে।
