উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন শ ম রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন, কোন সরকারের সময় দেশে বেশী উন্নয়ন হয়। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে মনোয়ন দিবেন না। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হলে পিরোজপুরকে দুর্নীতি মুক্ত করে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে পিরোজপুরের অবহেলিত জনপদের উন্নয়ন করবো।
বৃহস্পতিবার দিনব্যাপী পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসা, চাঁদকাঠী আর্দশ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দীর্ঘা এমএলএ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না। তাই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও সোনার বাংলা গড়তে দৃঢ় মনোবল নিয়ে কাজ করছেন।
সরকারের ব্যাপক উন্নয়নের দিক তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে নতুন নতুন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ভবন গড়ে ওঠছে। সরকার কঠিন সাহসিকতা নিয়ে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করেছেন। এসব উন্নয়ন ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানান তিনি।
এছাড়া ওই বিকেলে তিনি উপজেলা দীর্ঘা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গনসংযোগ করেছেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং কয়েকটি পথসভায় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র জনসাধারণের সামনে তুলে ধরেন।
এ সময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সহ-সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, সহ-সভাপতি কবির হোসেন বাহাদুর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
