কাউখালীতে এখনও শুরু হয়নি ১০ টাকা কেজি চাল বিক্রি
পিরোজপুরে কাউখালী উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি করে চাল বিক্রি সারাদেশে ২ সেপ্টেম্বর চালু হলেও কাউখালীতে এখনও বিক্রি শুরু হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য হিসাবে চাল দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী প্রতি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে চাল নিতে পারবে একটি হতদরিদ্র পরিবার। ইতোমধ্যে উপজেলায় পাঁচটি ইউনিয়নে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের দেয়া হতদরিদ্রদের তালিকা অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দফতর থেকে কার্ড ইস্যু করা হয়। কাউখালীতে হতদরিদ্র হিসাবে বাছাইকৃত ১ হাজার ৯৭২ জন এই ১০ টাকা কেজি দরে চাল পাবেন। খাদ্য বিভাগ জানিয়েছে, ডিলাররা চাল উত্তোলন না করায় চাল বিক্রি শুরু করা যায়নি।
কাউখালী উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপংকর মিস্ত্রী মুঠো ফোনে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ১৬ সেপ্টেম্বও রবিবার থেকে এ উপজেলায় চাল বিতরন শুরু হবে। তিনি আরো জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরণ করা হবে। সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার চাল বিতরণের জন্য ডিলারদের দোকান খোলা থাকবে।
