পিরোজপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত
পিরোজপুরের ইন্দরকানী উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা গটে।
নিহত ডাকাত সর্দার জাকির হোসেন (৪৫) জেলার কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন শেখ জানান, গত শুক্রবার রাতে খুলনা এলাকা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সর্দারকে আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। তার দেয়া তথ্যনুযায়ী শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে জাকির হোসেনর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ডাকাত সর্দারের সঙ্গীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় ডাকার সর্দার জাকির পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। সেখান থেকে নিহত জাকির হোসেনকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ ১টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি, ১টি দেশি দা সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।
নিহত ডাকাত সর্দার জাকিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
