নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ে অতপর … শ্রীঘরে
পিরোজপুরের নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ের পর যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে নাসির শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। নাসির শেখ উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চরখালী গ্রামে আব্দুর রশিদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নাসির শেখ নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর মিরপুর এলাকার স্থানীয় বাসিন্ধা নিপা আক্তার নামে এক যুবতীকে বিয়ে করে। বিয়ের পরে যৌতুকের দাবীকে মারধর ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে নিপা আক্তার বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ মাস আগে অভিযুক্ত নাসির শেখের সাথে নিপার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেখানে নাসির নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব থেকে ভালবাসার সম্পর্ক হয়। পরে চলতি বছরের ৪ জানুয়ারী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং নিপাকে নিয়ে নিপার মিরপুরের বাসায় বসবাস শুরু করে। বিয়ের কিছু দিন পর নিপা গর্ভবতী হয়ে পড়েন। বিয়ের পর স্বামী নাসির শেখ বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিয়ে নিপার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে। আরো টাকা দাবী করা হয়, কিন্তু নিপা আর কোন টাকা না দেয়ায় নাসির তার স্ত্রীকে মারধর করে তার গ্রামের বাড়ি নাজিরপুরে চলে আসে এবং নিপার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনার পর নিপা তার স্বামীর খোঁজ নেয়ার জন্য স্বামী নাসিরের গ্রামের বাড়ি নাজিরপুরে এসে জানতে পারে সে মেজর নয় এবং তার স্ত্রী ও ২টি পুত্র সন্তান রয়েছে। এনিয়ে কথা কাটা-কাটি হলে নাসির তার গর্ভবতী স্ত্রী নিপাকে বেদম মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করানোর নামে গর্ভপাত ঘটানো হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঢাকার মিরপুর এলাকার নিপা আক্তার (২৫) নামে স্থানীয় এক মেয়ে বাদী হয়ে গত ১১ জুলাই নাসিরসহ ৪জনকে আসামী করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী হিসেবে নাসির শেখকে গ্রেফতার করা হয়েছে।
