প্রধান সূচি

ইন্দুরকানীতে চোর সনাক্তে এলাকাবাসীর ভোট

ইন্দুরকানীতে চোর সনাক্তে এলাকাবাসী ভোট প্রদান করেছে। পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে সম্প্রতি ৫টি অটোভ্যান চুরি হয়। বাজার ব্যবসায়ীরা বিষয়টি একাধিকবার থানা পুলিশকে জানালেও কেউ বাদী না হওয়ায় তারা কোন ব্যবস্থা গ্রহন করতে পারে নি।

অবশেষে রবিবার রাতে পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী সম্মিলিতভাবে চোর সনাক্তে ভোটের সিদ্ধান্ত গ্রহন করে।

এলাকার সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম পান্নুর সভাপতিত্বে বাজার ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সন্দেহকারী ব্যক্তির নাম গোপনে কাগজে লিখে ব্যালট বাক্সে প্রদান করে। বাজারের ব্যবসায়ীসহ ১৫৩ জন ব্যক্তি ভোট প্রদান করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চুরি সন্দেহে অভিযুক্ত ২ জনই রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ ছিল।

ভোট শেষে সিদ্ধান্ত হয় যে, ভোটে অভিযুক্ত ব্যক্তিরা ৩ দিনের মধ্যে চোরাই ভ্যানের মূল্য পরিশোধ করবে অন্যথায় তাদের নামে ইউনিয়ন পরিষদের মাধ্যমে থানায় মামলা করা হবে।

ভোট গ্রহণকালে উপস্থিত ছিলেন, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য নিগার সুলতানা, ফয়সাল মোর্সেদ কিসলু, সাবেক ইউপি সদস্য রুস্তম আলী তালুকদার, সমাজসেবক এনামুল কবির প্রমুখ।

এ বিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি হাওলাদার মোয়াজ্জেম হোসেন জানান, চোর সনাক্তের জন্য বাজার কমিটি ও এলাকাবাসীর মতামতের জন্যই এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, খেজুরতলা বাজারে ভ্যান চুরির ঘটনায় কেই লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial