নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় আয়নাল শিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের ভাইজোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল শিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের কুটি শিকদারের ছেলে।
পুলিশ ঘাতক মটর সাইকেলটি আটক করেছে। ঘাতক মটর সাইকেল চালক আপেল মাহমুদ উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক। সে মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকার মুকুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক মটর সাইকেল চালক আপেল মাহমুদ দ্রুত ও বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে নাজিরপুর থেকে মাটিভাঙ্গার দিকে যাওয়ার পথে ভাইজোড়া বাজারের কালভাটের ওপর রাস্তার পার হওয়ার সময় আয়নাল শিকদারকে চাপা দেয়। এসময় ঘাতক চালক আপেল মাহমুদ তার মটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত আয়নাল শিকদারকে স্থানীয়রা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘাতক মটর সাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
