এলো খুশির ঈদ
আজ শুক্রবার চাঁদ দেখা গেলেই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। তা না হলে ঈদ হবে আগামী রবিবার। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে নিশ্চিত হওয়া যাবে এ সম্পর্কে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ঈদকে ঘিরে কেনাকাটা শুরু হয়েছে অবশ্য অনেক আগেই। পিরোজপুরের বিভিন্ন বিপনী বিতান, শপিং সেন্টারসহ জেলা শহর ও জেলার উপজেলা শহরগুলোতে ঈদের বাজারে এখনও চলছে কেনাকাটা। ফুটপাতেও চলছে কেনাকাটার ধুম।
ঈদের প্রকৃত আনন্দ ধনী-গরিব একসাথে খুশির আয়োজন ভাগ করে নেওয়ায়। ‘যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, সেই গরীব, ইয়াতিম মিসকিনে দে যা কিছু মুফিদ’ – কবি কাজী নজরুল ইসলামের এই কালজয়ী কথা আর সুরের ভেতরেই নিহিত মুসলমানদের পবিত্র ঈদ উৎসবের অন্তর্নিহিত বাণী।
পবিত্র ঈদ উপলক্ষে সরকারি উদ্যোগে পিরোজপুরে হাসপাতালে, এতিমখানা, শিশু সদন, সবখানেই থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা। জেলখানাও থাকবে উন্নত খাবার। ঈদে পিরোজপুরে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতেও করা হচ্ছে আলোকসজ্জা। ঈদগাহে ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলে নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে ঈদের দিন।
এ বছরের শেষেই জাতীয় নির্বাচন। তাই আগাম প্রচারণার অংশ হিসেবে সম্ভাব্য অনেক প্রার্থীই এখন এলাকায়। দুঃস্থ ও গরীবদের মাঝে বিতরণ করছেন শাড়ী-লুঙ্গি। এছাড়া নেতা-কর্মদের মাঝেও বিতরণ করছেন উপহারসামগ্রী। অনেকের নামে করা হয়েছে ব্যানার-তোরণ।
পিরোজপুর জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
