স্বরূপকাঠিতে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় মাদকসেবী গ্রেফতার
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে বসতঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের মাদকাসক্ত ছেলে মোহাম্মদ কালাম ওরফে কালুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ লিটন বাহাদুর জানান, কালু গত কয়েক বছর ধরে মাদক সেবন করে আসছে। পাশাপাশি এলাকার উঠতি কিশোর ও যুবকদেরকে মাদক সেবনে আসক্ত করে তাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে। মাদকের টাকার জন্য বিভিন্ন সময় এলাকার বিভিন্ন ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে তার ভাই রিপনের মোটর সাইকেলটিও কালু চুরি করে নিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। এছাড়া কালু নেশাগ্রস্থ হয়ে নারীদেরকে উত্যক্ত করার অভিযোগও করেন তিনি। যারা কালুকে এসব কাজে নিষেধ ও বাধা প্রদান করে কালু তাদের উপর হামলা চালায়। অতিষ্ট হয়ে কালুর নির্যাতনের শিকার ওই এলাকার বহু নারী-পুরুষ স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের কাছে কালুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। পরে এ বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে কালু আরও ক্ষিপ্ত হয়ে বুধবার দিবাগত রাতে চাঁন মিয়ার ঘরের বাইরে থেকে তালা দিয়ে ঘরে ভাংচুর চালায় এবং এক পর্যায়ে ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী তাকে আটক করে বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে চাঁন মিয়ার ছেলে লিটন বাদী হয়ে স্বরূপকাঠী থানায় কালুর বিরুদ্ধে বসতঘরে হামলা ও ভাংচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় শুক্রবার সকালে কালুকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
