দেশব্যাপি মাদক বিরোধী অভিযান
বাগেরহাটে ক্রসফায়ার আতংকে আত্মগোপনে শীর্ষ মাদক ব্যবসায়ীরা
দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের মাঝে পড়ে একের পর এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধ আতংক ভুগছে বাগেরহাটের শীর্ষ মাদক ব্যবসায়ীরা। আর কারণেই বাগেরহাটের শীর্ষ মাদক ব্যবসায়ীসহ খুচরা মাদক ব্যবসায়ীরা চলে গেছে আত্মগোপনে।
গত কয়েক দিনের অভিযানে বাগেরহাটের ৯টি উপজেলার কোথায় কোনও বড় মাদক ব্যবসায়ী আটক হয়নি। যারা আটক হয়েছে তারা প্রায় সবাই মাদকসেবী বা বিভিন্ন মামলার নিয়মিত আসামী। তবে পুলিশের এ বিশেষ অভিযানের ফলে ইয়াবাসহ অন্য মাদক দ্রব্যের দাম কয়েকগুন বেড়েছে বলে জানা গেছে। আর বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের বেশ কয়েকজন জেলে থাকায় খুচরা বিক্রেতা যারা বাইরে আছে তারা ঘর-বাড়িতে তালা দিয়ে পালিয়েছে।
বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়াতুল্লাহ সাংবাদিকদের জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় বাগেরহাটের ১০ শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে তিনজন বর্তমানে কারাগারে রয়েছে। এরমধ্যে রয়েছে ফকিরহাটের আজিম মেম্বার, বাগেরহাট সদরের মুক্ত মীর ও তার স্ত্রী রুলী বেগম এবং চিতলমারীর পান্না বিশ্বাস।
বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী বলেন, বাগেরহাট শহরসহ এর আশপাশ এলাকার প্রকৃত মাদক ব্যবসায়ীরা কেউ এখন পর্যন্ত আটক হয়নি। হয়তো তারা আত্মগোপনে আছে। তবে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এদিকে খোজ নিয়ে জানা গেছে, বাগেরহাট শহরের হাড়িখালী, পুরাতন রেললাইন, হাড়িখালী পদ্মপুকুর পাড়, সদর হাসপাতাল এলাকা, মাঝিডাঙ্গার, সাবেক ডাঙ্গা, কান্দাপাড়া বটতলা এলাকা, মুনিগঞ্জ মহিলা কলেজ রোড, হরিণখানা পুরাতন রেলস্টেশন এলাকা, সোনাতলা, পচা দিঘির পাড়, খারদ্বার, আলিয়া মাদ্রাসা রোড, সম্মিলনী স্কুল মোড়, পুরাতন বাজার মীরেরবাড়ি এলাকা, পুরাতন রেলস্টেশন, কেবি বাজার চালতে তলা এলাকায় মাদক বিক্রির পয়েন্ট। অভিযানের কারণের এর মধ্যে কয়েকটি স্পট থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। তবে অতি গোপনে মিলছে বেশি দামে ইয়াবা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী অনেকেই অভিযানের খবর জেনে পালিয়ে গেছে। বাগেরহাট সদর উপজেলায় সেরকম কোনও বড় মাদক ব্যবসায়ী নেই। তারপরও অভিযান অব্যাহত আছে।
