মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে বাস চলাচল বন্ধ
বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে এ রুটের বাস মালিক ও শ্রমিকরা।
রবিবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান একজন বাস মালিককে লাঞ্চিত করলে বাস মালিকরা এই সিদ্ধান্ত নেন।
শরণখোলা-মোড়েলগঞ্জ ও মংলা বাস মিনিবাস সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ ও সাধারণ সস্পাদক মো. হারুণ অর রশিদ বলেন, রবিবার বেলা ১০টার দিকে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ অন্যায়ভাবে বাস মালিক আলমগীর ফরাজীকে মারধর করেন। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ঐ রুটে সকল লোকাল বাস বন্ধ থাকবে এবং সোমবার থেকে দূরপাল্লার সকল পরিবহনও বন্ধ করে দেয়া হবে।
এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, কাউকে লাঞ্চিত করার ঘটনা ঘটেনি। একটি ইজিবাইকের দুই নারী যাত্রীকে বাস শ্রমিকরা লাঞ্চিত করেছে। তারা শরণখোলা হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ সামনে পড়ায় আমি ওই ঘটনার প্রতিবাদ করেছি মাত্র।
উল্লেখ্য, এ রুটে প্রতিদিন ৩০টি লোকাল ও ২৫টি দূরপাল্লার পরিবহন যাতায়াত করে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাস মালিকদের এমন কর্মসূচীতে শত শত বাসযাত্রীরা দূর্ভোগে পড়বে।
