চিতলমারীতে ঘরের গ্রিল কেটে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
বাগেরহাটের চিতলমারীতে ঘরের গ্রিল কেটে একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের মো. কামাল শেখের স্ত্রী সুমা আক্তার জানান, বুধবার গভীর রাতে তাদের বসত ঘরের গ্রিল কেটে ৩-৪জন দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় তাদের পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা এবং ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে বৃহিস্পতিবার সকাল ১১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ও চিতলমারী থানার ওসি অনুকূল সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার পুস্তুতি চলছে।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
