দুই পরীক্ষার্থী বহিস্কার ॥ মোবাইল জব্দ
মঠবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া পরিদর্শক আটক
জেলার মঠবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার ও অসদোপায় অবলম্বনের দায়ে দুই এইচএসসি শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, স্থানীয় তুষখালী কলেজের পরীক্ষার্থী নাঈমুর রহমান ও মানিক মিয়া কলেজের স¤্রাট হাওলাদার।
সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ হারুন-অর-রশিদ মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার এবং তাদের ব্যবহৃত দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাওলাদার জানান, পরীক্ষার নীতিমালা-২০১৮ এর পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য কোন ডিভাইস ব্যবহারের অপরাধে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক সেজে মাদ্রাসা পরিদর্শন কালে ভুয়া পরিদর্শক এম এ বাতেন (৩৫)কে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটককৃত বাতেন পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার নেয়ামতপুর ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক ও ঢাকার গাজীপুরের রামচন্দ্রপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।
বাতেন সকালে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার ছোট হারজী আলিম মাদ্রাসায় গিয়ে নিজেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক হিসেবে দাবী করে গুরুত্বপূর্ণ খাতাপত্র দেখতে চায়। এসময় তার কথা অসংলগ্ন মনে হলে হল পরিদর্শক থানা পুলিশকে খবর দেয়।
মঠবাড়িয়া থানার এসআই জাহিদ ভূইয়া জানান, বাতেন ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় আমুয়া কেন্দ্র প্রবেশ করে কক্ষ পরিদর্শক দাবী করলে ভ্রাম্যমান আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। সে সময়ে জরিমানার টাকা দিয়ে রক্ষা পায়। তবে তার পরিবার বাতেনকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, আটককৃত শিক্ষক এম এ বাতেন এর কথাবার্তা অসংলগ্ন। তার বিষয় খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
