ভিটাবড়িয়ার মাদক সম্রাট মিলন ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মাদক সম্রাট মিলন আকন (৩২) কে ২০০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে গোপনসংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার এসআই শহিদের নেতৃত্বে বিশেষ অভিযানে দক্ষিণ ভিটাবাড়িয়ার ইব্রাহীম মেম্বরের বাড়ির পাশে আলাল দোকান সংলগ্ন কঁচা নদীতে অভিযান চালিয়ে মিলনকে আটক করে পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ আকনের ছেলে মিলন আকন দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভা-ারিয়া থানায় ৩টি ইয়াবার মামলা এবং রাজাপুর থানায় দেড় কেজি গাজাসহ গ্রেফতার হওয়ায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এস আই শহিদ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে ভা-ারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপর দিকে একটি সূত্র জানায়, মিলন দীর্ঘ দিন ধরে নৌপথে মাদক বহন করেন। সে ভান্ডারিয়াসহ রাজাপুর, কাঠালিয়া ও আমুয়া এলাকায় মাদক চোরা চালানের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
