ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ইন্দুরকানীতে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজীর ছেলে নাজমুল হোসেন গাজী (২৬)। বুধবার সন্ধ্যায় উপজেলার গাবগাছিয়া গ্রামের নিজ বাসায় নাজমুল গলায় মাফলার পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে নাজমুল তার স্ত্রীকে আনতে তার শ্বশুর বাড়িতে গেলে সে আসবে না বলে জানায় এবং তার শ্বশুর বাড়ির লোকজন তাকে গালাগাল দেয়। পরে সে বিকালে বাড়ি ফিরে এসে সবার অগোচরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। নাজমুলের ২টি শিশু সন্তান রয়েছে।
আত্মহত্যাকারী নাজমুলের নার্গিস বেগম স্ত্রী জানান, আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা আমি জানি না।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ ছালাম জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে একটি ইউডি মামলা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
