প্রধান সূচি

মঠবাড়িয়ায় এমপি রুস্তুম আলী ফরাজির কর্মীসভায় হামলা ॥ আহত-১

আগামী ২৭ ফেব্রুয়ারী হুসাইন মোহাম্মদ এরশাদের জনসভা সফল করার লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য জাতীয় পার্টিতে যোগ দেয়া এমপি রুস্তম আলী ফরাজির কর্মী সভায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সাপলেজা ইউনিয়নের নলী তুলাতলা গ্রামের চৌরাস্তা মোড়ে কর্মীসভায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত এমপির সমর্থক জাকির হোসেন (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. রুস্তম আলী ফরাজী অভিযোগ করে বলেন, মঠবাড়িয়ায় ২৭ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদসহ, মন্ত্রী, জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্যসহ নেতৃবৃন্দের আগমন সফল করতে মঙ্গলবার দুপুরে নলী তুলাতলায় কর্মীসভায় নেতা কর্মীরা যোগ দেয়। আমি সভাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে জাহিদুল, পলাশ, সুমন, রাসেল ও আল-আমীনের নেতৃত্বে আমার কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় আমার সমর্থক জাকিরকে মারধরসহ সভার চেয়ার ভাংচুর করা হয়।

অভিযুক্ত চেয়ারম্যান মিরাজ মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় ঠিকাদার জসিম উদ্দিন ও জাকির হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সভাস্থলে দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য স্থানীয় এমপি আমাকে ও আমার সমর্থকদের এ ঘটনায় জড়াচ্ছেন।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial