প্রধান সূচি

ভান্ডারিয়ার ফরম ফিলাপ না করেও এসএসসি পরীক্ষা দেবে ৭ পরীক্ষার্থী !

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ে ফরম ফিলাপ না করেও বড় ভাইদের সহযোগিতায় পরীক্ষা দিবে ভান্ডারিয়ার ৭ পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষাবোর্ড দুই স্কুলের উক্ত ৭ জনের রহস্যজনকভাবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পাঠিয়েছে।

জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ৫ শিক্ষার্থীর নামে এমন প্রবেশপত্র এসেছে। এছাড়া গৌরিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই পরীক্ষার্থীর নামেও এমন প্রবেশপত্র এসেছে। আর এতে বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই বিদ্যালয় কর্তৃপক্ষ ৭ শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফরম পূরন করতে না পারলেও তাদের নামে রহস্যজনকভাবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পাঠিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবী ওই ৫ পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তাদের বিদ্যালয় হতে ছাড়পত্র দিলে তারা ফরম পূরণের সুযোগ পায়নি। কিন্তু রহস্যজনক কারনে বরিশাল শিক্ষাবোর্ড ওই ৫ পরীক্ষার্থীর নামে প্রবেশপত্র পাঠিয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় উপজেলার ইকড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় হতে মোট ৯১ শিক্ষার্থীর ফরম পূরণের টাকা চালানের মাধ্যমে জমা প্রদান করলেও রহস্যজনকভাবে ৯৬ পরীক্ষার্থীর নামে প্রবেশপত্র ইস্যু করে বরিশাল শিক্ষাবোর্ড। বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় মানবিক বিভাগে অকৃতকার্য ৫ শিক্ষার্থী শাহজাহান (রোল ২৪১২৩৫), মো. হেলাল (রোল ২৪১২৪২), আব্দুল্লাহ সবুজ (রোল ২৪১২৪৫), মো. সাগর (রোল ২৪১২৪৭), মো. হাফিজুল (রোল ২৪১২৪৮) অকৃতকার্য হলে তারা বিদ্যালয় হতে এসএসসি ফরম পূরণে ব্যর্থ হয়। এদের ছাড়পত্রও দেয়া হয় বিদ্যালয় থেকে। কিন্তু রহস্যজনকভাবে তাদের নামেও প্রবেশপত্র ইস্যু করেছে বরিশাল শিক্ষাবোর্ড।

এ ব্যাপারে ইকড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ৫ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তারা ফরম পূরণ করতে পারেনি। অথচ তাদের নামে প্রবেশপত্র ইস্যু করা রহস্যজনক। প্রবেশপত্র ফেরত পাঠানোসহ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

অপরদিকে গৌরিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গৌরঙ্গ চন্দ্র হাওলাদার জানান, তার বিদ্যালয়েও এমন রহস্যজনক প্রবেশপত্র এসেছে। রাকিব হাওলাদার (রোল-৯০০১৪৮) ও মেহেদী হাসান (রোল-৯০০১৪৭) নামে অকৃতকার্য দুই শিক্ষার্থীর নামে প্রবেশপত্র পাঠিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। ওই দুই শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ছাড়পত্র দেয়া হয়। তারা ফরম পূরণ করেনি।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী জানান, বিদ্যালয়ে ফরম পুরণ না করে কিভাবে শিক্ষা বোর্ড এভাবে প্রবেশপত্র প্রদান করে। এটি তাদের এখতিয়ারে আছে কিনা  সে বিষয়ে জেলা পিরোজপুর জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য প্রমানপত্রসহ তাদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বলেন, একটি কুচক্রি মহল প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে এবং পরীক্ষার কৃতকার্য দেখিয়ে ফরম পূরণ করেছে। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণের লিখিত অভিযোগ পেলে ওইসব শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial