ইন্দুরকানীতে অগ্নিকান্ড
কৃষকের বসতঘরসহ ৫ গরু পুড়ে ছাই ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘরসহ ৫টি গরু পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার চরণী পত্তাশী গ্রামের কৃষক আঃ রশিদ তালুকদারের গোয়াল ঘরে তাপ বৃদ্ধির জন্য পাত্রে রাখা আগুন থেকে আগুন লেগে গোয়ালঘর ও পার্শ্ববর্তী বসতঘর একেবারে পুড়ে যায়। এসময় গোয়ালে থাকা ১০টি গরুর মধ্যে ৪টি পুড়ে মারা যায় এবং অপর ৬টি গুরুতর দগ্ধ হয়। বসতঘরে থাকা নগদ ৬ হাজার টাকা, ৩ হাজার সুপারি, ৫০ মন ধান ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ সকল বস্ত্র পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরের চারিদিকে খড়ের গাদা ও পাশে কোন পানি না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।
কৃষক আঃ রশিদ তালুকদার জানান, বুধবার সন্ধ্যায় শীত বেশি থাকায় গোয়াল ঘরে পাত্রে আগুন রেখে বসত ঘরে চলে আসি। এরকিছু সময় পর আগুন লেগে গোয়াল ঘর ও বসতঘর পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা ১০টি গরুর ৫ টি গরু পুড়ে গেছে এবং অপর ৫টি দগ্ধ হয়ে গেছে। সব পুড়ে যায় আমি এখন নিঃশ্ব হয়ে গেছি।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী ঘটনা স্থল পরিদর্শণ করেন এবং তাদের সর্বাত্তক সহায়তার আশ্বাস দেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্থ কৃষক সরকারি ভাবে কোন সাহায্য পায়নি।
