কাউখালীতে যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
কাউখালীতে তৃণমূলের মতামত ছাড়াই কেন্দ্র থেকে দেয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার কাউখালী যুবলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার বলেন, তৃণমূলের নিবেদিত নেতাকর্মীদের পরিবর্তে আওয়ামীলীগের নীতি আদর্শের সাথে যাদের কোন নুনঃতম সম্পর্ক নেই সেইসব লোক দিয়ে কমিটি গঠন করে যুবলীগকে বিতর্কিত করা হচ্ছে। এসব লোক কখনো আওয়ামীলীগের পক্ষে কাজ করেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ পেয়েছে। ২২ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এই কমিটি ঘোষনার পর স্থানীয় পর্যায়ে ক্ষোভ দেখা দিয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, বিতর্কিতরা যুবলীগের আহ্বায়ক কমিটিতে ঠাঁই পেয়েছে। আর বঞ্চিত হয়েছেন রাজপথে নিবেদিত প্রাণ নেতাকর্মীরা। এ নিয়ে তৃণমূলে যেমন হতাশার সৃষ্টি হয়েছে, তেমনি এই কমিটি নিয়ে সাধারণ মানুষের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার আরো বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা উপজেলাগুলোর সম্মেলন কারার জন্য ইউনিয়ন কমিটি গঠন করা শুরু হয়েছিল। কিন্ত কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে এর আগেই আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে এভাবে কমিটি ঘোষণা করা অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী।
তিনি এই কমিটি বাতিল করে উপজেলার কমিটির মাধ্যমে সম্মেলন করে পরবর্তী কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইউম, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পলাশ সিকদার, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন শ্রমিকলীগের সভাপতি আঃ মান্নান বাবুল, কৃষক লীগের সাধারন সম্পাদক শামীম খান, মহিলা যুবলীগের শাহীদা হক প্রমুখ।
