মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত ॥ গ্রেফতার-৩
জমি সংক্রান্ত বিরোধের ধরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বেল্লাল হোসেন (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত বেল্লালকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচীম হাসপাতালে প্রেরণ করেন। বেল্লাল উপজেলার দধিভাংগা গ্রামের সুলতান মোল্লার ছেলে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই থানা পুলিশ ঘটনার সাথে জড়িত মোসলেম হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও খোকনকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে সোপর্দ করে।
আহতের স্বজনরা জানায়, গ্রামের শাহ আলমের প্রতিবেশি মোসলেম হাওলাদারে সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হলে বেল্লাল ভগ্নিপতি শাহ আলমকে বাঁচাতে গিয়ে আহত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, শনিবার রাতে ৫ জনকে আসামী করে মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
