বড় ভাইয়ের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ৫ ভাই ও তাদের পরিবার
পাইকগাছায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও তার পরিবারের অত্যাচার ও হয়রানি মূলক মামলা অতিষ্ঠ হয়ে উঠেছে অপর ৫ ভাই ও তাদের পরিবার।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত তোফাজ্জেল গাজীর ৬ ছেলে শহর আলী, ইয়ার আলী, জাহিদ, কামরুল, মাহবুব ও অহেদুজ্জামান তাদের পরিবার পরিজন নিয়ে পৈত্রিক ১৬ কাটা জমির উপর বসবাস করে আসছে। ৬ ভাইয়ের মধ্যে একদিকে শহর এবং অপর পাশে ৫ ভাই বসবাস করে আসছে। কিন্তু শহর ও তার স্ত্রী মমতাজ বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে অপর ৫ ভাই ও তাদের পরিবার। জাহিদ গাজী জানান, অল্প জায়গার মধ্যে আমরা ৫ ভাই এবং এক পাশে পৃথক ভাবে আমার বড় ভাই শহর বসবাস করে আসছে।
আমাদের পরিবারের সবাই দিন মজুরের কাজ করার কারণে বেশির ভাগ সময় এলাকার বাইরে অবস্থান করতে হয়। কিন্তু যখন বাড়িতে থাকি তখন ভাই শহর ও স্ত্রী মমতাজের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিন তারা আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ আমাদের নামে মামলা করে হয়রানী করে আসছে। এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শান্তিপূর্ণ ভাবে বসবাসের চেষ্টা করলেও তারা কাউকে তোয়াক্কা করে না। বরং এলাকার কতিপয় কুচক্রী মহলের ইন্দনে প্রতিদিন আমাদেরকে মারপিট করতে আসে। এমন অভিযোগ স্বীকার করেছেন তাদের মা মরিয়াম বেগম (৭০)।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, কয় ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তি করার জন্য আমি একদিন তাদের বাড়ীতে গিয়ে ছিলাম। কিন্তু শহর ও তার স্ত্রীর ব্যবহার এতটাই খারাপ ছিল যে সেখান থেকে সম্মান নিয়ে ফিরে আসা আমার জন্য কঠিন হয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখে শহর ও তার পরিবারের অত্যাচার ও হয়রানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ৫ ভাই ও তাদের পরিবার।
