পাইকগাছায় জায়গা জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত ছদর উদ্দীন সরদারের ছেলে ডাঃ আব্দুস সবুর সরদার এর সহিত জায়গা-জমি নিয়ে একই এলাকার ইব্রাহিম সরদারের ছেলে গোলাম সরদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সবুর গংরা কুলেশ্রীকণ্ঠপুর মৌজায় এসএ ১৯৫ ও ৭০১ ডিপি খতিয়ানের ২৭৩২ দাগে ০.৩৭ একর জমির মধ্যে ০.০৮ একর সম্পত্তি প্রায় ৬০ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। বর্তমানে তপশীলভুক্ত সম্পত্তিতে বোরিং স্থাপন করে ধান চাষ করে আসছে।
পূর্ব শত্রুতার জের ধরে গোলাম সরদার গংরা তাদের লোকজন নিয়ে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার সময় নালীশি সম্পত্তিতে প্রবেশ করে বোরিং (পাম্প) ঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর ২৮ সেপ্টেম্বর পুনরায় তাদের লোকজন নিয়ে নালীশি সম্পত্তিতে জোরপূর্বক গাছের চারা রোপন করার চেষ্টা করলে এ সময় বাঁধা দিতে গেলে তারা সবুর গংদের উপর হামলা করে। এতে আরশাদ মোড়লের ছেলে আতিয়ার রহমান (৪০) ও মোস্তফা গাজীর স্ত্রী নূরজাহান বেগম (৫০) গুরুতর আহত হয়। এ ঘটনায় সবুর সরদার বাদী হয়ে প্রতিপক্ষ গোলাম সরদার গংদের ১০ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং ৪৪, তাং- ২৮/০৯/১৭ ইং।
সবুর সরদার জানান, পেশায় আমি একজন চিকিৎসক। প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে পাল্টা আহত হওয়ার নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে থানায় কাউন্টার মামলা করে আমাদেরকে হয়রানি করে আসছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশুহস্তক্ষেপ কামনা করেছেন সবুরের পরিবার।
