মঠবাড়িয়ায় ফোনালাপের পর স্কুল ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাফসা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত হাফসা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বীমাকর্মী আনোয়ার হোসেন খোকন আকনের মেয়ে। সে পৌর শহরের হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফসার জন্মের ৬ মাস পরে তার বাবার সাথে মা তাসলিমা বেগমের ছাড়াছাড়ি হয়। এরপর মায়ের দ্বিতীয় বিয়ের পর ব্যবসায়ী নুরুল হকের সাথে পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন ভাড়াবাসায় ওই স্কুল ছাত্রী বসবাস করতো। শুক্রবার স্কুল বন্ধ থাকায় পাকের ঘরে বসে সকাল ১১টার দিকে হাফসা মোবাইল ফোনে কথা বলছিল। এসময় তার মা ঘরে গৃহস্থলী কাজে ব্যস্ত ছিলেন। হাফসার মা ঘর থেকে পাকের ঘরের দরজা বন্ধ দেখে ভেঙ্গে আড়ার সাথে গলায় ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা হাফসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ছাত্রীর খালা ডলি আক্তার জানান, হাফসা দীর্ঘদিন ধরে একাধিক মোবাইল সিম ব্যবহার করে কে বা কার সাথে কথা বলতো। যা আমরা বারবার নিষেধ করলেও শুনতনা।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
