আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ ভাবে উদ্যাপনের লক্ষ্যে পিরোজপুরে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
এসময় পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপস্থিত সকলে সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ২৮ অক্টোবর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে একটি বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে। এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হবে। সেখানে আলোচনার পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রদর্শনির আয়োজন করবে।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইন ২০০৯ প্রনয়ণ করে দেশবাসীর তথ্য জানার অধিকার নিশ্চিত করেছে।
