কাউখালীতে সরকারী টিউবওয়েল স্থাপনে হামলা ॥ আহত ২
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল বাড়ির পিছনে স্থাপনে বাধা দেয়ায় মহিলাসহ ২ জনকে কুপিয়ে আহত করেছে।
জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের আঃ কাদের হাওলদারের ছেলে ময়নউদ্দিন এর বাড়ির সামনে গভীর নলকুপ বসানোর জন্য বরাদ্দ দেয়া হয়। গত ১১ আগষ্ট শুক্রবার দুপুরে ওই নলকুপ বসাতে গেলে ময়নউদ্দিন গভীর নলকুপটি নিজের বাড়ির পিছনে বসানোর জন্য প্রস্তুতি নেয়। এসময় এলাকার লোকজন বাড়ির উন্মুক্ত স্থানে নলকুপ বসানোর জন্য ঠিকাদারকে বললে ময়নউদ্দিন ও তার লোকজনের সাথে নাসিমা বেগমসহ অন্যান্যদের বাকবিকন্ডা হয়। এক পর্যায়ে ময়নউদ্দিন ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্রসহ নাসিমা বেগমের উপর হামলা চালায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করার সময় ময়নউদ্দিন এর লোকজন প্রতিবেশী দুলাল খানকে কুপিয়ে আহত করে। এলাকার লোকজন আহত দুলাল খান এবং নাছিমা বেগমকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে আশংকা জনক অবস্থায় দুলাল খানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আব্দুল্লাহ বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩জনকে আসামী করে রবিবার কাউখালী থানায় মামলা দায়ের করেছে।
এদিকে মামলার বাদি অভিযোগ করেছেন, আসামীরা মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন এবং মামলা তুলে না নিলে আমাকে কুপিয়ে জখম করবে এবং ঘর বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করবে।
