প্রধান সূচি

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে হত্যার চেষ্টা : মঠবাড়িয়ায় ছাত্রলীগ-যুবলীগের ৩৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ॥ প্রতিবাদে মিছিল সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে অবরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। এমপির ব্যক্তিগত সহকারী মোঃ মাসুম বিল্লাহ বাদী হয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে এ মামলা দায়ের করেছেন।

এমপির আগের দায়ের করা ৫৭ ধারার মামলার আসামী সাপলেজা ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরুল আমিন রাসেলকেও ওই মামলায় আবারও আসামী করা হয়েছে। এ মামলায় সাপলেজা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক সমীর সাহা, ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফারুক পহলান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সওগাতুল আলম সুমন, ও সাধারণ সম্পাদক পলাশ মিয়াসহ ১০ জন এজাহার নামীয় ও ২৫ জন অজ্ঞাতনামাসহ ৩৫ জনকে আসামী করে  মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাপলেজা ইউপি চেয়ারম্যানকে হুকুমের আসামী করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার দুপুরে স্থানীয় সাপলেজা মডেল হাই স্কুলে জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তার বক্তব্যের পূর্বেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি  মিরাজ মিয়ার নির্দেশে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্র, রড ও বাঁশের লাঠি নিয়ে উক্ত অনুষ্ঠান বানচালসহ এমপিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় বাধা দিলে এমপির সমর্থক মোঃ জয়নাল (৪৮) ও মোঃ ইসমাইল (৩২) হামলায় আহত হয়। মামলায় আরও বলা হয়, আসামীরা তার সমর্থক হরিদাসের ১ ভরি ওজনের স্বর্নের চেইন ও মিরাজের পকেটে থাকা ২০ হাজার ২১০ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মিরাজ মিয়া তার বিরুদ্ধে হামলার ইন্দন দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কোমলমতি তিন শতাধিক শিক্ষার্থীর ক্লাশ ক্ষমতার দাপটে বন্ধ করে মেঝেতে বসিয়ে তাদের সামনে মাইকে এমপি ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী বলায় স্থানীয়রা ক্ষেপে গিয়ে এমপিকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় এমপি প্রভাব খাটিয়ে ছাত্রলীগ-যুবলীগকে আসামী করে হয়রানি করার জন্য একটি মিথ্যা হত্যার চেষ্টা মামলা করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে এ হত্যা চেষ্টা মামলার প্রতিবাদে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial