বাগেরহাটে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু ॥ ভ্যাকসিন সংকট
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় সাপের কামড়ে ফারজানা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। সময়মত শিশুর শরীরে ভ্যাকসিন দিতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাগেরহাট সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ।
ফারজানা আক্তার কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের নিয়ামুল শেখের মেয়ে ও স্থানীয় কচুয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
মেয়েটির বাবা নিয়ামুল শেখ অভিযোগ করে বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে আমার মেয়ে ফারজানা ও ছোট ছেলে সাকিব খাটে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১১ দিকে আমার মেয়ে ফারজানা পায়ে কামড় দিয়েছে বলে চিৎকার করে ওঠে। তখন আমরা তার কাছে ছুটে গিয়ে দেখি তার ডান পায়ে ক্ষত চিহ্ন। ওই সময়ে তার পায়ে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে গেলে চিকিৎসকরা হাসপাতালে ভ্যাকসিন নেই বলে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বাগেরহাট সদর হাসপাতালেও ভ্যাকসিন না থাকায় খুলনা মেডিকেলে পাঠায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। বাগেরহাটের হাসপাতালগুলোতে ভ্যাকসিন না থাকায় চিকিৎসার অভাবে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।
ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে বাগেরহাটের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অরুণ চন্দ্র মন্ডল শনিবার এই প্রতিবেদককে বলেন, সাপের কামড়ে ফারজানা নামে এক শিশু হাসপাতালে এসেছিল। কিন্তু আমাদের এখানে ভ্যাকসিন না থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। বাগেরহাটের কোন হাসপাতালেই ভ্যাকসিন নেই। স্বাস্থ্য অধিদপ্তরকে ভ্যাকসিনের জন্য বারবার চিঠি দিলেও তারা ভ্যাকসিন সরবরাহ করছে না।
