ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে উত্তম সবিয়াল (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাধানগর গ্রামে ম্যাক ফাউন্ডেশনের সভাপতি এম এ খালেকের অর্থায়নে ও বাস্তবায়নে কয়েক বছর আগে একটি সুবিশাল মুক্তিযোদ্ধা মার্কেটের নির্মান কাজ শুরু করা হয়। সেই ভবন লাগোয়া মোঃ হুমায়ুনের ৩.৮ শতাংশ জমি একটি টিনসেট বাড়িসহ ক্রয় করেনএম এ খালেক। যা গত সোমবার রেজিস্ট্রি করা হয়। আগের মালিক হুমায়ুন ওই জমিতে থাকা মেহগনিসহ বিভিন্ন প্রকারের ছোট, মাঝারি ধরনের গাছ জনৈক জাকিরের কাছে বিক্রি করেন। জাকির ওই গাছ মঙ্গলবার সকালে কাটার জন্য রাধানগরের বাসিন্দা নিকুঞ্জ সবিয়ালের ছেলে দিনমজুর উত্তম সবিয়ালকে বলে। সকাল সাড়ে ৮ টার দিকে উত্তম সবিয়াল একটি মেহগনি গাছের ডাল কাটার সময় গাছের উপরে থাকা বিদ্যুতের ১৩৩ কেভি ভোল্টেজ এর তারে গিয়ে পড়লে উত্তম বিদ্যুতায়িত হয়ে মারা যায় এবং গাছের ডালে ঝুলে থাকে। এ সময় বিদ্যুতের আগুনে কাঁচা গাছের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভেসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রঁশি দিয়ে নিহতের লাশ নিচে নামিয়ে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ওসি আরো জানান, ঘটনায় নিহতের বাবা নিকুঞ্জ সবিয়াল বাদি হয়ে একটি মামলার প্রস্তুুতি নিচ্ছে।
এ বিষয়ে জমির আগের মালিক মোঃ হুমায়ুন জমি বিক্রির সত্যতা স্বীকার করে বলেন, আমি ১১লাখ টাকায় জমি খালেক সাহেবের কাছে বিক্রি করার সময় জমিতে থাকা ঘর এবং গাছপালা সরানোর জন্য ১৫ দিন সময় চেয়েছিলাম। যার মেয়াদ শেষ হওয়ায় গাছ জাকিরের কাছে ৩৬শ টাকায় বিক্রি করি। যা আজ কাটতে আসে। এদিকে বিদ্যুৎ লাইন বন্ধ না করে গাছ কাটতে গিয়ে উত্তমের মৃত্যুতে এলাকাবাসির মধ্যে চড়ম ক্ষোভের সৃষ্টি হলেও প্রভাবশালীদের ভয়ে কেউ কথা বলতে চাইছেনা।
এদিকে স্বামীর মৃত্যুর খবর শুনে নির্বাক প্রায় স্ত্রী নুপুর রানী। তার ৮মাসের কন্যা শিশু রয়েছে।
