প্রধান সূচি

অপারেশন বন্ধ ॥ প্রসূতি রোগীদের দূর্ভোগ চরমে : মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে চলছে চিকিৎসাসেবা

এস.এম. আকাশ, মঠবাড়িয়া :

জেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসাসেবা। বেশ কয়েক বছর সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু থাকলেও হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কার্যক্রম। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইওসি) ডাঃ বশির আহমেদ পদন্নোতি পেয়ে অন্যত্র বদলী হওয়ায় এ অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রসূতি মায়েদের। স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকলেও একজন মেডিকেল অফিসারের (জরুরী প্রসূতি সেবা) অভাবে হাসপাতালের সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া হাসপাতাল চত্বর ও রোগীদের ওয়ার্ডে নেই কোন পরিস্কার পরিচ্ছন্নতার বালাই।

উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সাড়ে ৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। পার্শ্ববর্তী পাথরঘাটা ও বামনা উপজেলার একটি অংশের মানুষ চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন প্রায় ২ থেকে ৩শ’ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। কিন্তু হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারসহ পর্যাপ্ত ডাক্তার না থাকায় অনেক রোগী চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যায়।

হাসপাতাল সূত্রে জানাযায়, ৫০ শয্যা বিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসকের ২১টি পদ থাকলেও এখানে কর্মরত ডাক্তার আছেন মাত্র ৫ জন চিকিৎসক। এছাড়া জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), জুনিয়র কনসালটেন্ট (এনেসঃ), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (চর্ম), আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডেন্টালসহ ১৬টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ রোগীদের দুর্ভোগে বেড়েছে। অসহায় ও দরীদ্র প্রসূতি রোগীদের মোটা অংকের টাকা দিয়ে ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করতে হচ্ছে।

হাসপাতাল চত্বর ও রোগীদের ওয়ার্ড অপরিস্কার-অপরিচ্ছন্ন এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুমুল হক খান জানান, জনবলের সংকট থাকায় এমন চিত্রের সৃষ্টি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকালেও মেডিকেল অফিসার না থাকায় সিজারিয়ান করা যাচ্ছে না। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial