মঠবাড়িয়ায় বেগুন চাষে কৃষক জয়নাল লাখপতি

এস.এম. আকাশ, মঠবাড়িয়া থেকে :
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর সোনাখালী গ্রামের ষাটোর্ধ বয়সী কৃষক মোঃ জয়নাল আবেদীন জমাদ্দার উন্নত দেশী জাতের বেগুন চাষ করে সফলতা অর্জন করেছেন। তিনি এক একর পতিত জমিতে শুধু মাত্র থোক বিলাসী বেগুন চাষ করে দারিদ্র মোচন করেছেন।
কৃষক জয়নাল আবেদীন জানান, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে এক একর জমিতে ২৫ হাজার টাকা ব্যয়ে দেশী উন্নত জাতের বেগুন থোক বিলাসী আবাদ করেন। সারা বছর জুড়ে এ বেগুনের ফলন ফলে থোকায় থোকায়। বাজারে চাহিদাও প্রচুর। তিনি বছরে এই বেগুন আবাদ করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় করছেন। আর বেগুনে ক্ষেতের ভেতর মৌসুমে ক্ষিরই আবাদ করে আয় করেন আরও ৫০ হাজার টাকা। সপ্তাহে দুই বার ক্ষেত থেকে ২০/২২মন এই বেগুন সংগ্রহ হয়। এবার মৌসুমের শুরুতে ৮০০ টাকা করে মন পাইকারী বিক্রি করেছি। পাইকাররা বাড়িতে এসেই আমার বেগুন কিনে নেন। বর্তমানে সাড়ে ৫০০টাকা থেকে ৬০০ টাকায় মন বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, আমার বেগুন আবাদের সফলতা দেখে এলাকার আরও কয়েকজন কৃষক আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন।
এ বিষয়ে মঠবাড়িয়ার সোনাখালী কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন বলেন, পতিত জমিতে যে কেউ থোক বিলাসী জাতের বেগুনের আবাদ করে জয়নালের মত লাভবান হতে পারেন। বেগুনের আবাদ দিয়ে এ কৃষক স্বাবলম্বী হয়েছেন।
মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঠবাড়িয়ার মাটি ও আবহাওয়া থোক বিলাসী বেগুন চাষে অনুকুল। পতিত জমিতে এর আবাদ সম্প্রসারণে কৃষি বিভাগের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট (পিজিবি) প্রকল্পের মাধ্যমে থোক বিলাসী বেগুনের প্রদর্শনী প্লট করে স্থানীয় চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
